জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩

কখন আসবে প্রভাত?


এখন এখানে অনেক আঁধার
ধীরে ধীরে তার ঘনত্ব বাড়ছে,
সে আঁধারে তলিয়ে যাচ্ছে সকল আলো!
ক্ষীন আলোর রেখাটুকুও মিলিয়ে যাচ্ছে,
নিকষ কালো এই আঁধারে!
কখন আসবে প্রভাত?আর কত সময় বাকী?

একে একে লুটিয়ে পড়ছে,আলোর মশালধারীরা
রক্তে রঞ্জিত মাটিও আজ ঢেকে যাচ্ছে আঁধারে!
ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে,মাসের পর মাস ফুরোচ্ছে
আর এখানে সারিবদ্ধদের কবরের সংখ্যা বেড়েই চলছে!
কখন আসবে প্রভাত?আসবে কি সে,আর খানিক পর?

ধীরে ধীরে এই আঁধার কেড়ে নিচ্ছে,বেঁচে থাকার অক্সিজেন টুকু!
ক্রমেই যেনো গলা চেপে ধরছে,এই আঁধার!
কেঁড়ে নিচ্ছে স্বাধীনতা,টুকরো করে দিচ্ছে পতাকা
আপন নিবাস,স্বজন ছিনিয়ে নিচ্ছে সব কিছু!
আর কত দেরি আঁধার ফুরোবার?

ক্লান্তি আর অবসাদ চোখ বুজিয়ে দেয়
স্বপ্ন গুলো অসহায় মুখ নিয়ে ভীড় করে,
আর কেঁদে কেঁদে প্রশ্ন রাখে,
কখন ফুরোবে এই আঁধার?কখন আসবে প্রভাত?






অসমাপ্ত কাব্যটা স্বদেশের!


প্রিয় স্বদেশ ভূমি,
জেনে এসেছিলাম,তুমি আমাদের জন্য অনেক দামী
রক্তের বিনিময়ে তোমায় পাওয়া হয়েছিলো
মাথার ঘাম পায়ে ফেলে মানচিত্রের বুকে তোমার ঠাঁই মিলেছিলো,
তোমার প্রতিটা ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি
তবে আজ,কোন রক্তে লাল হয়ে আছে পতাকা?
আজ কিসের আর্তনাদে অশ্রু ফেলছো নীরবে,একা?
প্রিয় স্বদেশ,
অমূল্য ধনের মূল্য বুঝার ভাগ্য সবার হয় না
শত কষ্টের পর অর্জিত রক্তের দাম সবাই দিতে পারে না,
রক্তের বিনিময়ে তোমায় পেয়েছিলাম বলেই কি
আজো তুমি রক্তেই রঞ্জিত?!
একদিন তোমায় পাওয়ার জন্য রক্ত ঝরেছিলো
আর আজ?
আজ হারাবার জন্য রক্ত ঝরছে!
প্রিয় স্বদেশ,
চারপাশ থেকে শূকুনেরা তোমায় বারবার ঠোঁকরাচ্ছে
তোমার ভেতরের নাড়ি-নক্ষত্র আজ অক্টোপাশের মতো
বিষাক্ত হয়ে উঠেছে!
তোমার ভেতরের সোনার পাখীরা আজ আহত হয়ে
রক্তাক্ত ডানায় ভর করে উড়ছে!
প্রিয় স্বদেশ,
যে স্বাধীনতার জন্য তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিলে
সে স্বাধীনতায় আজ পরাধীন দানবের হাতে রক্তাক্ত হচ্ছে!
আজ তোমার অংশ হয়েও বলতে পারছিনা,
আমরা স্বাধীন,চির সবুজের বুকে আমরা মুক্ত স্বাধীন!
প্রিয় স্বদেশ,
কোন আপোষ কিংবা দেনা-পাওনার হিসেব করে নয়,
জেনেছি,তোমায় পাওয়ার জন্য করা হয়েছিলো,
ভালোবাসা আর ত্যাগের সর্বোচ্চ বিনিময়।
তবে কোন আক্রোশ আর ক্ষোভের শোধ হিসেবে
এতো রক্ত আর হাহাকার চারপাশে আজ?




বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

টুডে ব্লগে ৩৬৫ দিন


শিরোনামটা লিখে আমি নিজেই কিছুক্ষন স্মৃতিচারণে ডুব দিয়েছিলাম! দেখতে দেখতে কখন যে বছর পেরিয়ে গেলো টেরই পায়নি,হঠাত করেই চোখ পড়লো,দেখলাম ব্লগিং টাইম ১১মাস ১৬দিন!
তার মানে ৩৬৫ দিন পূরন হতে আর বেশি দিন বাকী নেই! কিছু কথা তো তাহলে লেখাই যায়। যদিও,অনুভূতি আর স্মৃতির ঝুলিটা কম ভারি না!
'ব্লগ' শব্দটার সাথে আমার পরিচয় অনেক বছরের না,তবে অনেক দিনের। অনলাইনে আসার আগেই,আপুদের কাছে ব্লগ সম্পর্কে শুনেছিলাম,আর তাই এসেই,সপ্তাহ খানেকের মধ্যে খুঁজে বের করেছিলাম চেনা-জানা ব্লগ গুলোকে।যদিও প্রিন্ট মিডিয়াতে লেখার অভিজ্ঞতা আর ব্লগে লেখার অভিজ্ঞতা একদমই আলাদা। তবুও লেখা শুরু করেছিলা,খুব দ্রুতই। সে সময় ব্লগের পরিবেশ অন্যরকমই ছিলো বলা যায়। সামু ছিলো বেশ জমজমাট,আর এসবি ব্লগও খুব জমজমাট না হলেও,তখন বেশ জমজমাট ছিলো। তবে হ্যাঁ,তখন ব্লগ গুলোতে অনেক মুখ ছিলো,মিটিমিটি জোনাকীর মতো সে গুলো জ্বলতো যেনো! যাদের লেখনি গুলো আশার আলো জ্বালতো,পাঠকের মন জুড়িয়ে দিতো,যাদের প্রাণবন্ত উপস্থিতি ব্লগের পরিবেশকে আলোকিত করে রাখতো। আস্তে আস্তে সময় পাল্টে গেলো... ব্লগের সাথে মানুষদের পরিচিত বাড়তে থাকলো,অন্যদিকে ভেতরগত পরিবেশও পাল্টে গেলো আর সেই মুখ গুলো বলতে গেলে হারিয়েই গেলো। সেই লেখনি,সেই অনুভূতি গুলোও মিলিয়ে যেতে লাগল।
এসবি বন্ধ হয়ে যাবার ক'মাস আগে,কয়েকজন আমাকে 'টুডে ব্লগ' এর খোঁজ দিলো,দেখলাম,বেশ কিছু পরিচিত মানুষ আছে এখানে,আর রেজিষ্ট্রেশনেও কোন ঝামেলা নেই (এখন সম্ভবত সময় লাগে),সো ঢুকলাম ব্লগে। তবে তখন ভাবনাতেও আসেনি,এসবি ব্লগ বন্ধ হয়ে যাবে! সে সময় অনেক গুলো ব্লগে রেজি করে আমার হাফরাফ অবস্থা বলা যায়!! একটা লেখা লিখতে না যতোটা কষ্ট হতো,সেটাকে ব্লগ গুলোতে কপি পেষ্ট করতে করতেই আমার বারোটা বেজে যেতো!
তবে এসব মুশকিল আসান হয়ে গেলো,'শাহাবাগ' নাটকের কারণে!!এই নাটকটা অনলাইন জগতে বিশাল একটা পরিবর্তন নিয়ে এসেছিলো,সেটা বলতে বাধ্য। যার ফলে,অন্যায় ভাবে এসবি ব্লগ হঠাত করে বন্ধ হয়ে গেলো,'আমার ব্লগ' আলবিদা নিলো,আর চতুর ব্লগ অযথাই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলো বলে সেটাকেও বিদায় জানাতে হলো,বাকী গুলোতে এমনিতেও কমফোর্ট ফিল করছিলাম না বলে,ধীরে ধীরে ছেড়ে দিলাম। শুধু হাতে গোনা কিছু ব্লগে যাতায়াত থাকলো।
টুডে তে তখন আসতাম,তবে নিয়মিত না। কেমন যেনো ফাঁকা ফাঁকা লাগতো!মনে হতো,ছোট্ট একটা দুনিয়া!কখনো মনে হতো,শেঁকড় সুদ্ধ একটা বট গাছকে উপড়ে ফেলা হয়েছে,আর গাছের ফল-লতা গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে!সব ই আছে,আবার কিছু ই নেই!
একটু একটু করে একটা সময় টুডে ব্লগটাও জমজমাট হয়ে উঠলো। নতুন-পুরনো সবাই না হলেও অনেক মুখ এখন একসাথে এখানে। ধীরে ধীরে সে দিনের এই নতুন,কম পদচারণার ব্লগটা এখন প্রতিদিন শত শত মানুষের পদচারণায় মুখরিত। হাতে গোনা পোষ্ট থেকে এখন অগণিত পোষ্টে ভরপুর ব্লগটা।
আমরা জানি,ব্লগ হচ্ছে একটা কমিউনিটি। এবং একটা কমিউনিটি অনেক রকমের মানুষদেরকে নিয়েই তৈরী হয়। এখানে অনেক ভালো,কিছুটা ভালো,অনেক খারাপ,কিছুটা খারাপ,আবার ভালো খারাপ দুটোই, এই সব ধরনের মানুষই থাকবে এটাই স্বাভাবিক। তবে মানুষ যতো ধরনেরই হোক,মত প্রকাশের স্বাধীনতা সবারই এখানে সমান থাকবে। এটা একটা ব্লগের মৌলিক বৈশিষ্ট্য।
টুডে ব্লগে আল্লাহর রহমতে তেমনই পরিবেশ আছে। আর তাই, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অল্প দিনের মাঝেই ব্লগিং জগতে 'টুডে ব্লগ' নিজের শক্ত অবস্থান তৈরী করে নিতে পেরেছে। শত সমস্যার মাঝেও নিজের অস্তিত্ব আর স্বকীয়তা ধরে রেখেছে। আমার মতে,বর্তমানে ব্লগ শুধু মাত্র সংবাদ প্রকাশের জন্য বা মতামত প্রকাশের জন্যই না,ব্লগ স্বপ্ন বুনার,স্বপ্ন গড়ার মাধ্যম ও। ব্লগে আমরা শুধু আনাচে-কানাচের খবরই পাই না,মনের খোরাক ও পাই। আমরা দিন শেষে,ব্যাস্ততা শেষে এখানে আড্ডা দেই,মজার মজার কমেন্ট করি,নিজেদের সুখ-দুঃখের স্মৃতি গুলো শেয়ার করি। নিজের আদর্শ,নিজের চিন্তা গুলো ছড়িয়ে দেই গল্পে,কাব্যে...আমাদের ব্লগারসদের মাঝে এভাবেই গড়ে উঠে আন্তরিক সম্পর্ক। হয়তো কোথাও কোথাও আমাদের মত মিলে না,আবার কখনো না বলা কোথাও অন্যরা প্রকাশ করে দেই মনের মতো করে তবুও সব মিলিয়ে আমরা এক সাথে এই 'ব্লগ' কমিউনিটিতে লেখা-লেখি করি,করে চলেছি...  
আর তাই,এই ৩৬৫ দিন পার করে এসে 'টুডে ব্লগ' কে নিয়ে প্রত্যাশা আর অনুভূতি আরো জোড়ালো হয়েছে। বিশ্বাস হচ্ছে যে,আজকের এই 'টুডে ব্লগ' ও আগামী দিনের সু-লেখক,সচেতন নাগরিক তৈরীতে,সঠিক জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে যথেষ্ট ভূমিকা রাখে,রাখবে।
যাইহোক, স্মৃতি আর অনুভূতি হচ্ছে চকোলেটের মতো,একটু-আকটু তে চলে না,লিখতে বসলেও তাই লেখা আর শেষ হয় না!! তাই আর লেখা বড় করছি না,তবে হ্যাঁ,ব্লগারসদের কাছে একটু নালিশও করে যাই,
'এতো পলিটিক্স নিয়ে ভাবলেই কি হবে?দেশের খবর আর অমুক-তমুকের গোষ্ঠী উদ্ধার করলেই হবে? একটু সাহিত্যচর্চা করা যায় না?!অণুবিক্ষন যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে গল্প-কবিতা বের করতে হয়,আর সেগুলোতে মন্তব্যের ঘর তো বিরান ই পরে থাকে বলা যায়!!ঠিক না,ঠিক না! :( আবার ভাববেন না,মন্তব্য গুনতে বলেছি!মন্তব্য গোনার কিছু না,মন্তব্য হচ্ছে লেখকের জন্য পরবর্তী লেখার খোরাক। হোক তা যতোই,হোক তা সমালোচনা। গঠন মূলক সমালোচনা-সমালোচক থাকলেই সু-লেখক থাকবে,সুন্দর-সমৃদ্ধ লেখা থাকবে।' সবশেষে,অনেক অনেক দোয়ার সাথে,
'লেখক সংখ্যা বাড়ুক,লেখার সংখ্যা বাড়ুক
অনেক অনেক লেখা ব্লগ জুড়ে থাকুক,
মুক্ত দানার সেই লেখা গুলোর আলো ছড়িয়ে পড়ুক।'
আগামী ৩৬৫ দিনের জন্য 'টুডে ব্লগ' পরিবারের কাছে এই রইল আমার প্রত্যাশা। :) :)  




সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

ধোঁয়াটে


আজকাল শহর টাও ধোঁয়াটে মনে হয়
ঠিক মানুষ গুলোর মতো,
ধোঁয়ার আড়ালে ফিঁকে হয়ে থাকে
ঘটে যাওয়া ঘটনা শত।

কি ভাবুকের মতো ভাবনা?!যা হাস্যকরই বটে!
যেমন ভাবো তেমনটাই কিন্তু কখনো কখনো রটে!

তবে আমি বারো মাস হাঁচি দেওয়া রোগী
তাই ধোঁয়া গুলো আমার জন্য খুবই উপযোগী!
আমি ধোঁয়ার মাঝেই খুঁজে পাই,আমার রোগের পথ্য
ধোঁয়া থেকেই খুঁজে নেই,মানুষ চেনার তত্ত্ব।

এই শহরটা যতো ধোঁয়াটেই হোক
তবুও আছে কিছু টা স্বচ্ছ
ধোঁয়ার আড়ালেও খুঁজে পাওয়া যায়
সুখ কিছুটা সূক্ষ!

ধোঁয়া উঠা চা কিংবা কফি
চিনি তাতে থাকুক না যতোখানি
এই শহরে ব্যস্ত সময় শেষে
তা দূর করে দেয় অনেক ক্লান্তি আর গ্লানি!